'জঙ্গিনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে পেট্রলবোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ করে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বগুড়া, মানিকগঞ্জ ও ঝিনাইদহে সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
বগুড়ায় সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া এখন পেট্রলবোমা হামলাকারী, খুনি, রাজাকার, নৈরাজ্য সৃষ্টিকারী ও জঙ্গিনেত্রী। জনগণের ওপর বোমা হামলাকারী এই জঙ্গিনেত্রীর সঙ্গে সরকারের কোনো সংলাপ হবে না।
গতকাল বিকেলে বগুড়ার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ সারা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। এ জন্য সরকারও গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। সরকারকে হুমকি-ধামকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সংগ্রামী দল। জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে নৈরাজ্য মোকাবিলা করতে হয়, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানা আছে।
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের সভাপতিত্বে জনসমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবু সাঈদ আল মাহমুদ ও বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ বক্তব্য দেন।
মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গতকাল সন্ধ্যায় সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে খালেদা জিয়া নিজেই একঘরে হয়ে রয়েছেন। দোতলার কার্যালয়ে বসে তিনি পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করাচ্ছেন। ১৪ দলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড প্রতিহত করবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার তোবারক হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ।
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গতকাল বিকেলে সমাবেশে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে নিজে ও তাঁর ছেলেকে বাঁচানোর উদ্দেশে বারবার হরতাল-অবরোধের ডাক দিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাইয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংসদ আনোয়ারুল আজিম, সাংসদ নবী নেওয়াজ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লা, ন্যাপের একরামূল হক প্রমুখ বক্তব্য দেন।