'জঙ্গিবাদ উত্থানে বিএনপিই দায়ী'
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের জন্য বিএনপিই দায়ী। কারণ তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। আর সেই মানবতাবিরোধী অপরাধীদের নেতৃত্বাধীন জামায়াত-শিবির তরুণদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি বানাচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই মন্তব্য করেছেন।
প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উচ্চবিদ্যালয় মাঠে জঙ্গি ও মাদকবিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। জেলা পুলিশ এর আয়োজন করে।
মেহের আফরোজ আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকেরা সফল হতে পারেনি।
পুলিশ সুপার মো. হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান প্রমুখ।