'জঙ্গিবাদ জিইয়ে রেখে সরকার উদ্দেশ্য হাসিল করতে চায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সমস্যার সমাধান করতে চায় না, জঙ্গিবাদ জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তিনি শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর সড়কের গোলচত্বরে বোমায় একজনের নিহত হওয়া প্রসঙ্গে বলেন, ‘প্রশ্ন থেকে যাচ্ছে, যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সে কি তাকে নিহত করবার জন্যই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে?’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, ২৬ মার্চ যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে স্বাধীনতাযুদ্ধ কবে শুরু হতো, এটা বলা মুশকিল।’