'জঙ্গিবাদ নির্মূলে বেশি প্রয়োজন জনগণের ঐক্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নির্মূলে রাজনৈতিক ঐক্যের চেয়ে বেশি প্রয়োজন জনগণের ঐক্য। যারা জঙ্গিবাদকে সমর্থন করে, তাদের নিয়ে কোনো ঐক্য হবে না।
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
গুলশানে হামলার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে জঙ্গিদের অতি অল্প সময়ের মধ্যে প্রতিরোধ করে ঘটনার পরিসমাপ্তি করা সম্ভব হয়েছে। তবে এরই মধ্যে অনেক প্রাণ চলে গেছে। তিনি আরও বলেন, ‘যারা বলে জঙ্গিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের জন্য বলছি, বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদদাতা। জামায়াতকে নিয়ে জঙ্গিদের খতম করা যাবে না। যারা জঙ্গিবাদকে সমর্থন করে, তাদের নিয়ে কীভাবে জঙ্গিবাদকে মোকাবিলা করা সম্ভব?’
সমাবেশের ব্যানারে লেখা ছিল, ‘ধর্মের নামে ইসলাম ও মানবতাবিরোধী দানবের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ/ উন্মাদ জঙ্গিবাদীদের হামলায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করি/ যুদ্ধাপরাধী, গুপ্তঘাতক, সন্ত্রাসবাদী এবং তাদের ইন্ধনদাতাদের বিচার ও ফাঁসি চাই।’
সমাবেশে সভাপতিত্ব করে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ঘোষণা দেন, জঙ্গি হামলার প্রতিবাদে সোমবার (আজ) বেলা তিনটায় শহীদ মিনারে তিন সংগঠনের যৌথ উদ্যোগে জমায়েত কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১১ জুলাই লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্র-যুবকদের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘তোমাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। সাবধান থাকতে হবে। তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে।’
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগের নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী পালিত, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বক্তব্য দেন।