সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, জঙ্গিবাদ, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতা রুখে দাঁড়ানোর জন্য বাম বিকল্প শক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফেনী জেলা শাখার দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ফয়েজুল হক মিলকী। জেলা সম্পাদক মহিবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, মাকসুদা আখতার, জেলা নেতা বিমল চন্দ্র শীল, জাহাঙ্গীর আলম, মৌসুমী সোম।
সম্মেলনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে চলছে। ঘুষ, দুর্নীতি, দলীয়করণ ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষের বাম বিকল্প শক্তির পতাকাতলে সমবেত হওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করেই সাম্প্রদায়িক-জঙ্গিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
দলীয় সূত্র জানায়, সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার নতুন কমিটি নির্বাচন করা হবে।