'জঙ্গি' খালেদাকে দমনের প্রত্যয় নাসিমের
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গি দমন করেছিলাম। বাংলা ভাই এখন নাই। জঙ্গি ভাই কেউ নাই। কোথাও নাই আপনারা জানেন। শুধু একটা জঙ্গি আমরা দমন করতে পারিনি। সেই জঙ্গি হলো বেগম খালেদা জিয়া নিজে। বাংলার জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লা ওই জঙ্গি আমরা দমন করব।’
আজ মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজে খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ১২ মার্চ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় ।
সমাবেশে মন্ত্রী মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা শুনে রাখেন, ২০১৯ সালেই নির্বাচন। তার এক দিন আগেও ইলেকশন হবে না। হওয়ার কথা নয়। আমরা সংবিধানের বাইরে যেতে পারব না, সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়।’
আর ওই নির্বাচনকে সামনে রেখে তখন সংলাপ হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী ইলেকশন হবে এবং সংলাপও হবে ইনশাআল্লাহ। ২০১৯ সালে হবে। ইলেকশন কমিশনের সঙ্গে হবে। কোনো খুনি, বোমাবাজদের সঙ্গে সংলাপ হবে না। শেখ হাসিনার সিদ্ধান্ত ক্লিয়ার। আওয়ামী লীগের সিদ্ধান্ত ক্লিয়ার। ১৪ দলের সিদ্ধান্ত ক্লিয়ার।’
তৎকালীন প্রধান বিরোধী দলকে ছাড়া ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ইলেকশনের বিকল্প ছিল না। ২৪ জানুয়ারি (আসলে ৫ জানুয়ারি) ২০১৪ সালে যদি নির্বাচন না করতাম এখানে এখন মার্শাল ল থাকত, মার্শাল ল।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।
এর আগে মন্ত্রী সকালে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন।