'জনগণ জাপার উন্নয়ন-সমৃদ্ধির যুগে ফিরতে চায়'
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশবাসী আর কোনো ব্যর্থ শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। তারা জাপার নয় বছরের উন্নয়ন সমৃদ্ধির যুগ ফিরে পেতে চায়।
আজ সোমবার জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘এখন আর আমাদের পেছনে ফিরে তাকানোর সময় নেই। নব্বই সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর দেশ অনেক পিছিয়ে গেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শাসনক্ষমতায় যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সব বিবেচনায় একমাত্র জাতীয় পার্টিকে দিয়েই তেমন সরকার প্রতিষ্ঠিত হতে পারে।’
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সমাজসেবী মো. নূরুজ্জামানসহ এলাকার কয়েকজন জাতীয় পার্টিতে যোগদান করেন। ময়মনসিংহ জেলা জাপার সাংগঠনিক সম্পাদক এস ডি রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের নেতা এস এম ফয়সল চিশতী, আবদুর রশীদ সরকার, শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।