'জনগণ নয়, বিএনপিই বিপন্ন'

দেশের মানুষ নয়, বরং বিএনপিই বিপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘কোনটা আসল বিএনপি আর কোনটা নকল- এ নিয়ে আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। বিএনপি নেতাদের প্রতি অনুরোধ, আপনারা সরকারের সমালোচনা করা বাদ দিয়ে নিজেদের বিপন্ন অবস্থা থেকে মুক্ত করুন।’
দেশে এখন যে শান্তি বিরাজ করছে তা স্বাভাবিক নয়- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দেশে যদি মারামারি, হানাহানি, পেট্রল বোমার রাজনীতি থাকত, তাহলে সে পরিস্থিতি বিএনপির নেতৃবৃন্দের কাছে স্বাভাবিক মনে হতো।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এমন আশা প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, পৌরসভা নির্বাচনের পরে বিএনপির আবারও সুযোগ এসেছে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার। দলীয় প্রতীকের এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে স্থানীয় পর্যায়ে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার বিধান রয়েছে।
সংগঠনের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বদিউল আলম, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা ও এমএ করিম।