'জনবিচ্ছিন্ন মনসুররাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবুল মনসুরের পক্ষের তোলা অভিযোগের জবাব দেওয়া হয়। ভৈরবে মনসুরের পক্ষই জনবিচ্ছিন্ন বলে সংবাদ সম্মেলনে দাবি করে বর্তমান সভাপতি সায়দুল্লাহ মিয়ার পক্ষ।

দলীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগের ভৈরব উপজেলা শাখার ও ৭ নভেম্বর পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে একটি বাদে সব কটি পদই পেয়েছেন সভাপতি সায়দুল্লাহ মিয়ার অনুসারীরা। অর্থাৎ বর্তমানে সায়দুল্লাহ মিয়া উপজেলা আওয়ামী লীগের একক নিয়ন্ত্রক। আর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনসুর দুই বছর ধরে দল পরিচালনা থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন।

পদবঞ্চিত মনসুরপক্ষ কমিটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ১৩ নভেম্বর পৌর শহরের হাজী আসমত আলীর বাড়ির মাঠে সংবাদ সম্মেলন করে। এতে মনসুর ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেনসহ এ পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। তার জবাব দিতে গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদসহ এ পক্ষের দুই শতাধিক নেতা-কর্মী।

১৩ নভেম্বরের সংবাদ সম্মেলন থেকে স্থানীয় সাংসদ নাজমুল হাসানকে জনবিচ্ছিন্ন ও কর্মিবিচ্ছিন্ন নেতা হিসেবে উল্লেখ করা হয়। এর জবাবে গতকালের সংবাদ সম্মেলনে সায়দুল্লাহ মিয়া বলেন, সাংসদ নাজমুল হাসান ক্রিকেট বোর্ডের সভাপতি। তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবনা ভাবতে হয়। ঘন ঘন বিদেশ ভ্রমণ করতে হয়। সে কারণে চাইলেই এলাকায় আসতে পারেন না। আর এর জন্য মনসুরপক্ষকেই দায়ী করেন সায়দুল্লাহ। বলেন, একসময় মনসুরপক্ষই সাংসদকে ভুল বুঝিয়ে এলাকাবিমুখ করে রাখতেন। তবে এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমানে কমিটি হওয়ার পর সাংসদ এলাকায় আসা বাড়িয়ে দিয়েছেন। ১২টি জনসভায় অংশ নিচ্ছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারক করছেন।

মনসুরকেই জনবিচ্ছিন্ন ও দলবিচ্ছিন্ন উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, গত কয়েকটি নির্বাচনের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে। বর্তমান কমিটির কাউন্সিলেও সায়দুল্লাহর বিপক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আবুল মনসুর ভোট পান ৩০টি। আর সায়দুল্লাহ পান ১৩০ ভোট। তা ছাড়া মনসুর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলামও সায়দুল্লাহর প্যানেলের প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে অসম্মানজনকভাবে হেরেছেন।

মনসুরপক্ষের সংবাদ সম্মেলন থেকে বলা হয়ছিল, আসছে জাতীয় নির্বাচনে তাদের পক্ষের নেতা ইফতেখার হোসেন দলীয় মনোনয়ন চাইবেন। ইফতেখার নিজেই এমন আগ্রহের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নবগঠিত কমিটির কয়েকজন নেতার পরিবারের সদস্যরা বিএনপি-জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট।

এই অভিযোগের জবাবে গতকাল সায়দুল্লাহ মিয়া বলেন, ইফতেখারেরই আপন ছোট ভাই জাকির হোসেন পৌর বিএনপির সহসভাপতি পদে আছেন।

এ বিষয়ে ইফতেখার হোসেন গতকাল মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বলে আমার ভাই বিএনপি করতে পারবে না, এমন কোনো নিয়ম নেই।’

গতকালের সংবাদ সম্মেলনে মনসুর ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি উমর ফারুকের বিপক্ষে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। বলা হয়, ২০০৯ সালে দল ক্ষমতায় আসার পর তাঁরা দুই ভাই ও অনুগত ব্যক্তিরা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এ ক্ষেত্রে সায়দুল্লাহ সাংসদ নাজমুল হাসানের একটি উদ্ধৃতি টানেন: ‘টিনের ঘর ভেঙে কেউ ডুপ্লেক্স বাড়ি, কেউ তিনতলা ভবন বানিয়েছেন। অথচ বলেন, রাজনীতি করে কী পেলাম?’ মনসুর ও উমর ফারুককে উদ্দেশ করে এক সভায় এই কথাগুলো বলেছিলেন সাংসদ।

এ বিষয়ে আবুল মনসুরে গতকাল বলেন, ‘আমি ১ কোটি ১০ লাখ টাকার সম্পত্তি বিক্রি করে বাড়ি করেছি। সাংসদের নাম ভাঙিয়ে নয়।’

গতকালের সংবাদ সম্মেলনে আরও যেসব অভিযোগ তোলা হয়, তার মধ্যে রয়েছে ভৈরবের মাদক ও অপরাধপ্রবণতা কমানোর বিষয়ে আবুল মনসুর সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কোনো উদ্যোগ না নেওয়া।

মনসুরপক্ষ বলছে,আজ বুধবার তারা নিজেদের মধ্যে মতবিনিময় করবে। সেখানে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে করা গতকালের সংবাদ সম্মেলনের অভিযোগগুলো বিশ্লেষণ করা হবে। এরপর করণীয় নির্ধারণ করবে।