'জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান ছাত্রলীগ'
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আজ যারা ছাত্রলীগ করছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান হচ্ছে ছাত্রলীগ।’
ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গতকাল শনিবার বিকেলে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে অতীতের সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। আজকের এই ছাত্র সমাবেশ শুধু ছাত্র সমাবেশ নয়, এটি সাবেক ছাত্রনেতাদের মিলনমেলাও।
জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক প্রমুখ। এর আগে জনপ্রশাসনমন্ত্রী ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের নবনির্মিত একটি ছাত্রী হলের উদ্বোধন করেন।