'জামায়াত আইন-আদালত মানে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামায়াতে ইসলামী আইন-আদালত মানে না। তাদের হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে।’ আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হরতালবিরোধী কর্মসূচিতে নেতারা এ কথা বলেন।

সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী পৃথক সমাবেশ ও মিছিল করে। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নিজেদের অপকর্ম ঢাকতে সাধারণ মানুষের ওপর হরতাল চাপিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করার মাধ্যমে তারা আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু হরতালে জানমালের কোনো ধরনের ক্ষতি হলে তা প্রতিরোধ করা হবে।

কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে।