'জামায়াত-বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে'
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াত-বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যত দিন বাহাত্তরের সংবিধান আবার প্রবর্তন করা না হবে, তত দিন এ দেশে জঙ্গিবাদ, মৌলবাদ-সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা বন্ধ করা যাবে না।
মানিকগঞ্জ জেলা শহরের সাবিস মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে আয়োজিত এক প্রতিবাদী গণজমায়েত কর্মসূচিতে শাহরিয়ার কবির এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াত মদদপুষ্ট স্বাধীনতাবিরোধী জঙ্গিগোষ্ঠী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী গণজমায়েত’ ব্যানারে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
সম্প্রতি পুলিশ সদস্য হত্যাকাণ্ডের প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, ‘পুলিশের ওপর হামলা করার অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা। জামায়াত এবং তাদের সহযোগী বিএনপি যুদ্ধ ঘোষণা করেছে।’ তিনি বলেন, জামায়াত-মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
গণজমায়েতে ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা কমিটির সভাপতি দীপক ঘোষের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, কার্যকরী সদস্য নুজহাত চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ প্রমুখ।