'জামায়াত-শিবিরের দালালকে নেতা বানানো যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় তৃণমূলের নেতারা বলেছেন, দলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঘটেছে। উপজেলা আওয়ামী লীগে যাতে কোন্দল বাড়ে এবং দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, সেই ষড়যন্ত্র হচ্ছে। জামায়াত-শিবিরের কোনো দালালকে দলের নেতা বানানো যাবে না। আওয়ামী লীগের অনেক নেতা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত-শিবিরের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার বটতলী স্টেশনে দলীয় কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।
সভায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, স্থানীয় সাংসদের সঙ্গে দলের নেতা-কর্মীদের দিনে দিনে দূরত্ব বাড়ছে। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিনেও করা যায়নি। এসব কমিটি দ্রুত গঠন করা দরকার।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, গত ইউপি নির্বাচনে অনেক নেতা জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাঁদের মুখোশ উন্মোচন করতে হবে। জামায়াত-শিবিরের কোনো দালাল যাতে দলের নেতৃত্বে আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিয়া ফারুক বলেন, সাংসদের সঙ্গে দলের কর্মীর দূরত্বের কারণে বিরোধী দল লাভবান হচ্ছে। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে সমন্বয় করা দরকার।
মোসলেম উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এখন কেউ না খেয়ে মারা গেছে এমন কথা কোনো সংবাদমাধ্যমে শোনা যায় না। স্থানীয় সাংসদসহ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল হামিদ, মামুনর রশিদ, শফিকুর রহমান, জয়নাল আবেদীন, তৈয়বুল হক, রিদুয়ানুল হক প্রমুখ।