'জামায়াতকে নিষিদ্ধ করার এখনই সময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার এখনই সময় বলে মন্তব্য করেছেন বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘জামায়াত নিষিদ্ধের আইনগত ও সাংবিধানিক কিছু দিক রয়েছে। সেগুলো সরকারকে বিবেচনা নিতে হবে। তবে আমি মনে করি, এখন যে ঐক্য গড়ে উঠেছে, তাতে এখনই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যায়।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
আওয়ামী লীগ এখন বাম লীগে পরিণত হয়েছে—বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাশেদ খান মেনন বলেন, ‘তাঁদের বামভীতি আজকের না, চিরকালের। তবে জাতীয় ঐক্যের লক্ষ্যে সম্প্রতি বিএনপি বিভিন্ন বাম দলকে আমন্ত্রণ জানাবে বলে পত্রিকায় দেখছি।’
ওয়ার্কার্স পার্টির সাংসদদের টিআর-কাবিখার লুটপাটের কোনো অভিযোগের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘দলের এমপিরা সংসদে যাওয়ার আগের পার্টির কাছে জবাবদিহি করে যান। এখানে এ ধরনের ঝুঁকি নেই, সম্ভাবনাও নেই।’
এর আগে লিখিত বক্তব্যে ফজলে হোসেন বাদশা ২ আগস্ট বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশ ও র‍্যালি; একই দাবিতে আগামী ৬ আগস্ট দেশের প্রতিটি জেলা শহরে সমাবেশ ও র‍্যালি; ২০ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় কৃষক-খেতমজুর-শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠনের উদ্যোগে ধারাবাহিক জঙ্গিবাদবিরোধী কনভেনশন; ১৭ আগস্ট রাশেদ খান মেনন হত্যাচেষ্টার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, মাহমুদ হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান প্রমুখ।