'জাসদ' নাম বদলের পক্ষে দলটির সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাম বদলের প্রস্তাব করেছেন দলটির সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া। তবে তাঁর এ প্রস্তাবের বিরোধিতা করেছেন দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দলের বড় অংশ। প্রস্তাবের পক্ষেও আছেন কেউ কেউ।
জাসদের স্থায়ী কমিটি ও জাতীয় পরিষদের বৈঠকের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। দলের আগামী কাউন্সিলে এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরের ডিসেম্বরে জাসদের কাউন্সিল হতে পারে।
জাসদের ছাত্রসংগঠন ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন পরিবর্তনেরও প্রস্তাব করা হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্র এখন যুগের সঙ্গে সামঞ্জস্য নয় উল্লেখ করে ছাত্রলীগকে সাধারণ ছাত্র আন্দোলন, অসাম্প্রদায়িক আন্দোলনের লক্ষ্যে কাজ করার প্রস্তাব করা হয়। আর দলের আদর্শ ‘সমাজতন্ত্র’ থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে।
এ বছরের জুন মাসে জাসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে শরীফ নূরুল আম্বিয়া নাম পরিবর্তনসহ দল পুনর্গঠনের জন্য ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। সেখানে দলের সভাপতি হাসানুল হক ইনু এর বিরোধিতা করেন। এরপর প্রস্তাবটি গত ৩১ জুলাই দলের জাতীয় পরিষদের বৈঠকেও আলোচনায় আনা হয়।
জানতে চাইলে নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, যে প্রস্তাব তিনি করেছেন, তা দলীয় নয়। তা ছাড়া এটা দলের অভ্যন্তরীণ বিষয়। দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনার জন্য করা হয়েছে। এ আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
তবে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ শিরিন আখতার বলেন, ‘এ প্রস্তাবটি আমরা নিইনি। জাসদ সমাজতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং করছে। এই লক্ষ্যে দলের যাত্রা শুরু হয়েছিল। এখনো জাসদ সেই লক্ষ্যেই অবিচল আছে।’