'জিয়া মুক্তিযোদ্ধা না হলে দেশে একটা মুক্তিযোদ্ধাও নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না হন, তাহলে বাংলাদেশে একটা মুক্তিযোদ্ধাও নেই’—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, স্বাধীনতার জন্য যা দরকার, জিয়া সব করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। তাহলে কি তাদের নেতা না জেনেই পাকিস্তানের চরকে বীর উত্তম খেতাব দিয়েছেন। তাঁরা যে নিজের নেতাকেও অসম্মান করছেন, সেটাও তাঁরা বোঝেন না।’
‘শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ’ নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন। তিনি জিয়াউর রহমানের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য গ্রন্থ রচনার প্রতিশ্রুতি দেন। অন্যদের মধ্যে বক্তৃতা দেন অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক আবদুল লতিফ, কবি আবদুল হাই শিকদার ও আয়োজক সংগঠনের সদস্যসচিব অমর চন্দ্র মিস্ত্রী প্রমুখ।