'জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আ.লীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে শাহাদাত হোসেন এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে চট্টগ্রাম নগর যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আসছে। গত সোমবার তথাকথিত রাষ্ট্রদ্রোহ মামলাও এই ষড়যন্ত্রের একটি নমুনা। খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সব ‘ষড়যন্ত্রের’ দাঁতভাঙা জবাব দিতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম নগর যুবদলের সহসভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়া ৫ শতাংশ ভোটের নেত্রী নন। তিনি গণমানুষের নেত্রী। জনগণ বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন বলেই এই সরকার ষড়যন্ত্র করছে। জনগণ একদিন এই ষড়যন্ত্রের জবাব দেবে।