'জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সৈকতের একটি হোটেলে শুরু হয়েছে ছাত্রলীগের ‘জ্ঞানভিত্তিক ছাত্ররাজনীতি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক দুদিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা। গতকাল রোববার দুপুরে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। কর্মশালায় বক্তারা বলেন, জঙ্গিবাদ দমনে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজ করছেন। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ দমনে ছাত্রলীগের কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছাত্রলীগের এই প্রশিক্ষণ কর্মশালা জ্ঞানভিত্তিক ছাত্রসমাজ গঠনে অবদান রাখবে।

কক্সবাজার জেলার আটটি উপজেলার ৯৫৬ জন নেতা-কর্মী কর্মশালায় অংশ নেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংসদ আশেক উল্লাহ রফিক, সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক মো. এ আরাফাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

পাঁচ সাংবাদিককে ট্রাস্টের চেক হস্তান্তর: কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অসুস্থ পাঁচ সাংবাদিকের মধ্যে আড়াই লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল তাঁদের হাতে চেক তুলে দেন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন আয়াছুর রহমান, দীপক শর্মা, ফরহাদ ইকবাল, আহসান সুমন ও ছৈয়দুল কাদের। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, তোফায়েল আহমদ প্রমুখ।