'টার্গেট কিলিং'য়ে আ.লীগ জড়িত: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পরিকল্পিতভাবে ‘টার্গেট কিলিং’ হচ্ছে। এর সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। এ জন্য তাদের ধরা হচ্ছে না।
গতকাল বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতারে খালেদা জিয়া এসব কথা বলেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশ শাসন করছে, নাকি অন্য কোনো শক্তি পেছন থেকে কাজ করছে, জনগণের মধ্যে সে প্রশ্ন দেখা দিয়েছে।
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে খালেদা জিয়া বলেন, দেশে এর আগে কখনো এমন ‘টার্গেট কিলিং’ ঘটেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ—সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা পরিকল্পিত। আওয়ামী লীগের লোকজন এতে জড়িত। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জানেন কারা এসবে জড়িত। সে জন্য তিনি জেনেও এদের ধরছেন না। বরং এদের অনেককে বিদেশে পাঠিয়ে দিয়ে এখন সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে।
ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ নয়—এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এই নিরাপত্তাহীন, গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই ফজলে রাব্বীর সভাপতিত্বে ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।