'ট্রেন গেল না, বাসও চলে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোমবার সকাল আটটা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হাজারো মানুষের ভিড়। মিরসরাইয়ে নাশকতার কারণে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর স্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও তাঁদের স্বজনেরা ততক্ষণে জেনে গেছেন। 
সকাল আটটার মধ্যে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতীর। এর মধ্যে সুবর্ণ ছাড়ার কথা সকাল ৬টা ৪০ মিনিটে। মহানগর প্রভাতী সকাল সাতটায়। ট্রেন ছাড়তে দেির হবে, এটাও জানা হয়ে গেছে যাত্রীদের। কিন্তু কত ঘণ্টা দেির হবে, শুধু এ টুকুই জানার চেষ্টা করছেন তাঁরা? অপেক্ষার পালা যেন আর শেষ হয় না...। স্টেশনের মাইকে কিছু সময় পরপর মিরসরাইয়ে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রা বিলম্বের ঘোষণা দেওয়া হচ্ছিল। বেলা ১১টায় মাইকগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। এবার ঘোষণায় বলা হয়, সুবর্ণ, প্রভাতীর যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে চট্টগ্রাম থেকে বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহানগর গোধূলী এক্সপ্রেসের যাত্রাও। চট্টগ্রাম থেকে যাত্রা বাতিলের তালিকায় ছিল চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসও। সকাল সাড়ে সাতটায় ট্রেনটির চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।
মিরসরাইয়ে নাশকতায় রাজধানীর কমলাপুর স্টেশনে থাকা যাত্রীরাও দুর্ভোগ থেকে রেহাই পাননি। ঢাকা থেকে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতীর যাত্রাও গতকাল বাতিল করা হয়।
ট্রেনের যাত্রা বাতিল করায় চট্টগ্রাম স্টেশনে মো. সেলিম নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি অনেক কষ্টে টিকিট নিয়েছিলাম। এখন ট্রেনই গেল না। বাসও চলে না। কাজের জন্য ঢাকায় যাওয়া দরকার। কীভাবে যাব?’
পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার জন্য সাতসকালেই চট্টগ্রাম স্টেশনে যান বজলুর রহমান। যাত্রা বাতিলের খবর শুনে দিশেহারা হয়ে পড়েন তিনি। বজলুর বলেন, ‘আমি চট্টগ্রাম এসেছিলাম পরিবার নিয়ে। কিন্তু এখন ফিরতে পারছি না। এতক্ষণ অপেক্ষার পর জানলাম ট্রেন যাবে না। বাসও চলে না। কীভাবে যাব বুঝতে পারছি না।’ চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় নাশকতার কারণে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগও ছিল বজলুর রহমানের মতো।
টানা অবরোধে ট্রেনের সূচি বিপর্যস্ত। গতকালের নাশকতার ঘটনায় ট্রেনের সূচি বিপর্যয় চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন রেল কর্মকর্তারা।
রেলওয়ে কর্মকর্তারা জানান, অবরোধের শুরু থেকে একেকটি ট্রেন ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্বে গন্তব্যে পৌঁছাত। আস্তে আস্তে এটা কমে আসছিল। এই নাশকতার কারণে এটা আবার আগের অবস্থায় ফিরে গেল।