'ডিজিটাল বাকশাল' প্রবর্তনের নীলনকশা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার ‘ডিজিটাল বাকশাল’ প্রবর্তনের নীলনকশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তাঁর দাবি, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এটি করা না হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব জাদুঘরেও খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের শুল্কবহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন আবদুল্লাহ আল নোমান। শুল্কবহর ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার যে নীলনকশা করেছে, তা ভেস্তে যাবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

শুল্কবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মামুনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, বিএনপির নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

সভা শেষে প্রায় এক হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতার ও সাহ্‌রিসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি খেসারি ডাল, তিন কেজি ছোলা, এক লিটার ভোজ্য তেল, এক কেজি পেঁয়াজসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।