জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও নগরের ৭৬২ সদস্যবিশিষ্ট ‘ঢাউস’ কমিটি করেও ‘বিদ্রোহ’ দমানো গেল না। এই কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তিন নেতা। তাঁরা তড়িঘড়ি করে গঠন করা জেলা ও নগরের পূর্ণাঙ্গ কমিটি মানেন না বলে জানিয়েছেন।
এই তিন নেতা হলেন—কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী, সহসাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও সহসাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। গতকাল তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে কেন্দ্রের অনুমোদন করা পূর্ণাঙ্গ কমিটি তাঁরা মানেন না।
গতকাল জেলা ও নগরের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। বিষয়টি উল্লেখ করে তিন নেতা বিবৃতিতে বলেন, জেলা ও নগর ছাত্রদলের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে করা পূর্ণাঙ্গ কমিটি সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
যোগাযোগ করলে মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুই বছর পার করে এসে শেষ দিকে কমিটি করার বিষয়টি আমরা মানতে পারছি না। এটি আসলে নিজেদের মেয়াদ পার হওয়ার পরও নেতৃত্বে থাকার কৌশল।’
সংগঠন সূত্র জানায়, ২০০২ সালের জুনে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছিল ছাত্রদলের নগর ও জেলার পূর্ণাঙ্গ কমিটি। তিন বছর মেয়াদি এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় নয় বছর পর ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে জেলা ও নগরের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মাধ্যমে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রায় দুই বছরের মাথায় ৮ সেপ্টেম্বর জেলা ও নগরের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় অনুমোদন পায়।
পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পাওয়ার প্রতিক্রিয়ায় বর্তমান জেলা সভাপতি সাঈদ আহমদ বলেছিলেন, সব স্তরের নেতাদের জায়গা দিতেই বড় কমিটি হয়েছে। এতে পক্ষে-বিপক্ষে আর কোনো তৎপরতা থাকবে না। তবে গতকাল তিন নেতার বিবৃতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।