'ঢাকা চলো' কর্মসূচিতে অংশ নেবে না ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২৪ থেকে ২৬ নভেম্বর তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহুত ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দেবে না। দলটির পক্ষ থেকে এত দিন ধরে চলে আসা জাতীয় কমিটির আন্দোলনকে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে গতকাল সোমবার এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টি দলগতভাবে ও তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির শরিক হিসেবে সুন্দরবনের ক্ষতিসাধন করবে এমন প্রকল্প সম্পর্কে আপত্তি জানিয়ে আসছে। তবে এই প্রেক্ষাপটে জাতীয় কমিটির মিছিল-সমাবেশে ভারতবিরোধী বক্তব্য ও স্লোগান দেওয়ার বিষয়ে আপত্তি তুলেছে ওয়ার্কার্স পার্টি। কমিটির প্রচারপত্রে ‘উন্নয়নের নামে বাংলাদেশকে ভারত ও চীনের ডাস্টবিন বানানো চলবে না’—এমন বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রচারপত্র থেকে অনভিপ্রেত ও যুক্তিহীন কিছু স্লোগান প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতীয় কমিটির সদস্যসচিবকে অনুরোধ করা হলেও তিনি তা বিবেচনায় নেননি। এ জন্য ওই কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টি ৩ ডিসেম্বর সারা দেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। বিজ্ঞপ্তি।