'জনগণ দায়িত্ব দিলে তা পালনের প্রস্তুতি নিচ্ছেন তারেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান । ফাইল ছবি
নজরুল ইসলাম খান । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের জনগণ দায়িত্ব দিলে সেই দায়িত্ব কীভাবে পালন করবেন, তারেক রহমান সেই প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ঢাকার যানজটের কথাও তিনি ভাবেন। 
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। সভায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সভাপতিত্ব করেন।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখনো অসুস্থ। এ অবস্থায় দেশকে নিয়ে ভাবছেন, দেশের জনগণকে নিয়ে ভাবছেন। তাঁর প্রিয় দল বিএনপিকে নিয়ে ভাবছেন। দেশের অর্থনীতি, উন্নয়ন, নারী ও শিশুর কল্যাণ, মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভাবছেন। এমনকি ঢাকার যানজট নিয়ে ভাবছেন। তিনি এসব বিষয় নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ও পড়াশোনা করছেন। প্রস্তুতি নিচ্ছেন, আগামী দিনে দেশের জনগণ দায়িত্ব দিলে সে দায়িত্ব কীভাবে পালন করবেন। আমরা নিশ্চিত, তার এই ভাবনা আমাদের জন্য দেশের এবং দেশের জনগণের জন্য কাজে লাগবে। 

উল্লেখ্য, তারেক রহমান এখন লন্ডনে চিকিৎ​সাধীন।
তারেক রহমানের বিরুদ্ধে সরকার উঠেপড়ে লেগেছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সরকার খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী ভাবেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই হবে মূল প্রতিদ্বন্দ্বী। এর কারণেই তাঁর বিরুদ্ধে এত মিথ্যাচার, এত অভিযোগ। তারেক রহমানের বিরুদ্ধে এত অভিযোগ তবে কেন গত নয় বছরে নয় পয়সারও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। কারণ তারেক রহমান কোনো দুর্নীতি করেননি।
নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান এমনই একজন মানুষ, যাঁর মতো একজন বাংলাদেশে নয়, বিশ্বের কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। যাঁর পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। আর যাঁর মা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী।