কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানা সীমা আওয়ামী লীগের মনোনয়ন পেলেও জনগণের ভোটেই তাঁর জয় নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর আঞ্জুম সুলতানা গত সোমবার রাতে সাংসদের সঙ্গে দেখা করতে গেলে বাহাউদ্দিন এ মন্তব্য করেন। তিনি বলেন, বারবার আফজল খানের পরিবারের কেউ না কেউ প্রার্থী হন। তাঁদের (আফজল খানের পরিবার) মনোনয়ন-ভাগ্য ভালো।
আঞ্জুম সুলতানা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিগত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের মেয়ে। গত রোববার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাঁকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে। ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার রাত সোয়া আটটায় কুমিল্লা টাউন হলে ফুলের তৈরি নৌকা নিয়ে বাহাউদ্দিনের সঙ্গে দেখা করেন আঞ্জুম সুলতানা। দুজনের মধ্যে ২৫ মিনিট আলাপ হয়। এ সময় বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক রিফাত উপস্থিত ছিলেন। তিনিও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
আলাপচারিতা শেষে আঞ্জুম সুলতানা অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘দল আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছে। তাই সদর আসনের সাংসদ হিসেবে উনার সঙ্গে দেখা করতে এসেছি। একই সঙ্গে উনার সহযোগিতা কামনা করছি। উনি আমাকে দোয়া দিয়েছেন।’
বাহাউদ্দিন বলেন, ‘এ মুহূর্তে দোয়ার বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। নির্বাচনী আচরণবিধির কারণে সাংসদদের সরাসরি কাজ করার সুযোগ কম হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাঁকে মনোনয়ন দিয়েছেন, তাঁর প্রতি আমার দোয়া ও সমর্থন থাকবে। আগে মনোনয়নপত্র জমা দেওয়া হোক। এরপর যাচাই-বাছাই হবে। পরবর্তী সময়ে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।’ সাংসদ বলেন, তাঁদের (আফজল খানের পরিবার) মনোনয়ন-ভাগ্য ভালো। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে আফজল খান সাহেব মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আফজল খানের বড় ছেলে তাঁর বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করেন। এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁরা নির্বাচনটা মনে হয় ভালো বোঝেন। যে কারণে বারবার তাঁদের পরিবারের কেউ না কেউ প্রার্থী হন। এখন ভোটারদের কাছেই জয় নির্ধারণ হবে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনজন নেতা প্রথম আলোকেবলেন, তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লায় আওয়ামী লীগে দুই প্রভাবশালী নেতার বিরোধ চলছে।