
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বর্তমান সময়ে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মুক্তির জন্য বারবার বঙ্গবন্ধুর কাছে ফিরে যেতে হবে। শোকের মাসে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গত বুধবার চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন শব্দনোঙর। সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম নাছিরুল হক, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মিশে আছেন বাংলার আপামর জনসাধারণের চেতনার অলিগলিতে।
আলোচনা শেষে একক ও দলগত কবিতা পাঠ করেন শব্দনোঙরের শিল্পীরা। এ ছাড়া আমন্ত্রিত আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, ত্রি-তরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, স্বদেশ আবৃত্তি সংগঠনের সদস্যরাও আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে ‘জাগরণ’-এর শিল্পীরা সংগীত পরিবেশনা করেন।