'তারেক রহমানকে হত্যার চেষ্টা করছে সরকার'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার চেষ্টা করছে সরকার। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকার এই চেষ্টা করছে। তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতে মিথ্যা মামলা দিয়ে নানা কূটকৌশল চালানো হচ্ছে।
বগুড়া জেলা বিএনপি আয়োজিত ‘তারেক রহমান ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ অভিযোগ করেন। তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি যাতে জনগণের ভোটের অধিকার আদায়ে ঘুরে দাঁড়াতে না পারে, সে জন্য ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। দলীয় স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত্যাগী নেতা-কর্মীদের পেছনে লেলিয়ে দিয়ে পরিবার ও বাড়িছাড়া করা হচ্ছে।