'তিনি ছিলেন বিএনপির রাজনীতির রূপকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন বাংলাদেশের বিএনপির রাজনীতির রূপকার। তিনি দায়িত্বে থাকার সময় সরিষাবাড়ীকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলেছিলেন।

গতকাল শুক্রবার বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সরিষাবাড়ী বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। পৌর ছাত্রদলের উদ্যোগে পৌরসভার আরামনগর বাজার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। এতে তাঁর কর্ম ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা যুবদলের সভাপতি ফয়জুল কবীর তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক চয়ন তালুকদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।

সালাম তালুকদার ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে সরিষাবাড়ী থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি আইন ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। ১৯৯১ সালে তিনি ফের সাংসদ নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার বলেন, ‘তাঁর মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহবাসী তথা আমরা এক ক্ষণজন্মা পুরুষকে হারিয়েছি। তিনি ছিলেন বিএনপির নেতা-কর্মীদের অভিভাবক।’