
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন,‘তোমরা যখন ধরবা, বিদায় করে ছাড়বা।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আজ মঙ্গলবার অনুষ্ঠিত জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ আহ্বান জানান। দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি এই জনসভার আয়োজন করে। দলটি এই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। আজকের জনসভায় খালেদা জিয়া ভবিষ্যতেও এই দিনটি পালনের ঘোষণা দেন।
খালেদা জিয়ার বক্তব্যের একপর্যায়ে ওঠে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন। তিনি বলেন, ছাত্রদের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে যাবে, নিয়ন্ত্রণে থাকবে না—এমন ভয় পেয়ে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।
মঞ্চের সামনে থাকা ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘কাজেই ছাত্ররা, তোমাদের একটা কথা বলি। তোমাদেরকে কথা শুনলে, হাত তালি দিলে, স্লোগান দিলে হবে না। দেশ প্রেম থাকতে হবে। দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের জেগে উঠতে হবে। আমি বলি না মারামারি-গোলাগুলি-বোমাবাজি করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোচ্চার হতে হবে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ভ্যাট বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন নেতা বলেছিলেন, বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই তোমরা যখন ধরবা, তারপর আর যেন না ছাড়ে.. বিদায় করে ছাড়বা।’