'তোমরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের দমনের জন্য পাঁচ হাজার লাঠি বানিয়েছি। চট্টগ্রামে কাউকে কোনো সন্ত্রাস করতে দেওয়া হবে না। কিন্তু তোমাদের হাতে লাঠি দেওয়া হলে তোমরা কি মানুষের জায়গা দখল করবা?’ তিনি বলেন, ‘তোমরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো। টেন্ডারবাজি করতে গিয়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়েছ। এসব অপকর্ম ছাত্রলীগের কাজ নয়। কিন্তু তোমরা করছ। এসব করতে দেওয়া হবে না।’
গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ এবং সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, হাততালি ও স্লোগান দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে শৃঙ্খলা মেনে চলতে হয়। পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হয়। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা একাত্তরে ছাত্র ছিলাম। তখন আমাদের মধ্যে শৃঙ্খলা ছিল। যেকোনো জনসভার আয়োজন হলে সবার আগে গিয়ে মাঠে সুশৃঙ্খলভাবে অবস্থান নিতাম আমরা। বক্তৃতা শুনতাম। এখন তোমরা (ছাত্রলীগ) কথা শুনতে চাও না।
অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন দেশ দিয়েছেন। তিনি বাঙালি জাতির জনক। তিনি বাংলাদেশের জনক। তাঁর কথায় ইন্দিরা গান্ধী বাহাত্তরের ১৭ মার্চের মধ্যে সব ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে সরিয়ে নেন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সৈন্য জাপানে অবস্থান নেয়। এখনো জাপানে বিদেশি সৈন্য রয়ে গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা
এদিকে গতকাল বিকেলে আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ত্যাগ তুলে ধরতে হবে। একজন মহান নেতা কীভাবে একটি দেশ স্বাধীন করেছেন, সেই ইতিহাস তুলে ধরতে হবে।
সাংসদ ওয়াসিকা আয়েশা খান বলেন, বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর আত্মজীবনী সবাইকে পড়তে হবে।