'ত্যাগীদের' মূল্যায়ন চান বিএনপির মাঠের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলনের পর দলকে শক্ত ভিতের ওপর দেখতে চান বিএনপির মাঠপর্যায়ের নেতারা। ‘যোগ্য’ ও ‘ত্যাগী’ নেতাদের মূল্যায়নের মাধ্যমে মাঠপর্যায়ে দলকে সংগঠিত করতে না পারলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের ওপর কোনো চাপ তৈরি করা সম্ভব হবে না বলে মনে করেন তাঁরা।
বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের এসব ভাবনার কথা জানা গেছে। এই প্রতিবেদকের সঙ্গে অন্তত ৩০ জন নেতার কথা হয়।
এসব নেতার বেশির ভাগই বলেছেন, দল পুনর্গঠনের ক্ষেত্রে যদি ‘ত্যাগী’ নেতা-কর্মীদের মূল্যায়ন যথাযথভাবে না হয়; তাহলে হতাশ হয়ে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। তেমনটা হলে বিএনপির সাংগঠনিক অবস্থা আরও দুর্বল হবে।
‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’—এই স্লোগানে গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলটির সম্মেলনে আসা নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। উৎকণ্ঠাও ছিল। সেটা হলো, বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে তো।
লক্ষ্মীপুরের রামগতি থেকে আসা শাহীন মাহমুদ বলেন, বিপুল কর্মী-সমর্থক থাকা সত্ত্বেও সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপিকে রাজনীতির মাঠে পদে পদে হারতে হয়েছে। আন্দোলনের সময় কর্মীরা মাঠে থাকলেও নেতাদের অনেককেই মাঠে পাওয়া যায়নি। তাঁর প্রত্যাশা, এই সম্মেলনের পর অতীত থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত সাংগঠনিক িভতকে মজবুত করার প্রতি নজর দেবেন দলের শীর্ষ নেতারা।
এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গোপালগঞ্জ বিএনপির একজন নেতা বলেন, মামলা-হামলার শিকার তৃণমূলের নেতা-কর্মীরা কীভাবে দিন কাটাচ্ছেন, সেটা অনেক নেতাই খোঁজ রাখেন না।
ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর, বগুড়াসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, ওই সব এলাকার বিএনপির অনেকে সরকারি দলের নেতাদের যোগসাজশে ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছেন। এমনকি অনেক সময় কর্মসূচি পালিত হয় সরকারি দলের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে। অবশ্য কেউ কেউ বললেন, এলাকায় থাকতে হলে তাঁদের কাছে এর বিকল্পও নেই।
ফেনীর ফুলগাজী থেকে আসা ছাত্রদলের এক নেতা বলেন, এলাকায় অবস্থান বা ব্যবসা-বাণিজ্য ঠিক রাখতে বিএনপির অনেকে সরকারি দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। কিন্তু কর্মীদের থাকতে হয় বিপদে। এ কারণে দলের সমর্থকেরা বিভ্রান্ত হন।
বগুড়া থেকে আসা বিএনপির এক নেতা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় বিএনপি আজ কী অবস্থায় আছে, কেন্দ্রীয় নেতারা কতটা খোঁজ রাখেন? মামলা-হামলার শিকার নেতাদের জন্য কেন্দ্র থেকে কতটা সহায়তা করা হচ্ছে? এ বিষয়গুলো ভাবা দরকার।’
সিলেট জেলা ছাত্রদলের এক নেতা বলেন, ‘জেল-জুলুমের ভয়ে নেতারা ঘরে বসে থাকবেন, আর কর্মীরা মাঠে আসবে সে আশা কীভাবে করেন; এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের ভাবা উচিত।’
চট্টগ্রামের যুবদলের নেতা নুরুল আমিন মনে করেন, এই সম্মেলনের মাধ্যমে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে। দমন-নির্যাতন বন্ধ করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় আসবে।