দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতারা। তাঁরা বলেন, দল ক্ষমতায় থাকায় ছাত্রশিবিরও ছাত্রলীগ হয়ে যেতে চায়। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জামায়াতের লোকও জনপ্রতিনিধি হয়ে যান। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তাঁরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগর ছাত্রলীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি ইমরান আহমেদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি ইয়াছিন আরাফাত, আ ফ ম সাইফুদ্দিন, শাহীন মোল্লা, ওমর ফারুক, সৌমেন বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।
ইমরান আহমেদ বলেন, ছাত্রলীগের মধ্যে যাতে কোনোভাবে অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে ছাত্রশিবিরও ছাত্রলীগ হয়ে যেতে চায়। এ জন্য সবাইকে সাবধান থাকতে হবে।
একাত্তরে জিয়াউর রহমানের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেন নুরুল আজিম। তিনি বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামে থাকলেও চট্টগ্রাম বন্দর কিংবা সহকর্মী যোদ্ধাদের রক্ষায় সেদিন এগিয়ে আসেননি। তিনি বলেন, এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন জামায়াতের লোক। হেফাজতের পক্ষে কথা বলছেন কেউ কেউ। এসব অনুপ্রবেশকারী সম্পর্কে সাবধান থাকতে হবে।