'দলবাজি-দখলবাজির উৎপাত সহ্য করা হবে না'

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে যে ‘জানবাজি’ লড়াই চলছে সেখানে ‘দলবাজি-দখলবাজির উৎপাত’ সহ্য করা হবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম অভিযোগ করেন, জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল। শেখ সেলিমের ওই বক্তব্য সমর্থন করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনও বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদকে দায়ী করেন এবং হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করেন। শেখ সেলিম ও আসাদুজ্জামান রিপনের এই ‘অভিন্ন ভাষার যোগসূত্র’ কী তা নিয়ে গতকাল সোমবার জাসদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের অপর নেতা মাহবুবুল হক হানিফও জাসদসহ বাম দলগুলোর কঠোর সমালোচনা করেন।
এই পটভূমিতে জাসদ নেতা ইনু আজ বলেন, ‘লড়াইয়ের এই সময়ে মহাজোটের ছাতার নিচে দলবাজি-দখলবাজির উৎপাত আর বেগম খালেদা জিয়াকে হত্যা-খুন এবং আগুন সন্ত্রাসের মামলা থেকে রেহাই দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন কোনো কাজ এবং দলবাজি-দখলবাজির মতো উৎপাত সহ্য করা হবে না।’
সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে জাসদের পক্ষ থেকে সমাবেশ ও মিছিল করা হয়।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদ নেত্রী শিরীন আখতার, জাসদ নেতা ইকবাল হোসেন খান, করিম শিকদার, ওবায়দুর রহমান, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, যুবজোটের সভাপতি রোকনুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি জ্যোতিবিকাশ সিকদার প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশ শেষে জাসদের মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।