'দলীয় মনোনয়ন বিষয়ে বলার এখতিয়ার নেই নৌমন্ত্রীর'

আওয়ামী লীগে প্রাথমিক ১০০ প্রার্থী তালিকায় সাংসদ শামীম ওসমানের নাম রয়েছে—নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন বক্তব্য দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। ক্ষমতাসীন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান বলেন, ‘দলীয় মনোনয়নের বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কথা বলার এখতিয়ার নেই।’
সোমবার দুপুরে নগরভবনে চার সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধির জন্য জাপানের দাতা সংস্থা জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। নওফেল জাইকার এই প্রজেক্টের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নওফেল বলেন, ‘নৌমন্ত্রীর ঘোষণা তাঁর ব্যক্তিগত অভিমত। আমাদের দলের মনোনয়ন কে পাবেন, সেটা একমাত্র ঘোষণা দিতে পারেন দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। কে মনোনয়ন পাবেন, তা দলীয় সভানেত্রী ছাড়া কেউ নিশ্চিত করে বলতে পারেন না।’ তিনি বলেন, ‘মন্ত্রী যদি এটা বলে থাকেন, তাহলে তিনি এটা ঠিক করেননি। আমাদের যে সাংগঠনিক কাঠামো, সেখানে এ কথা বলার কারও অধিকার নেই। আমারও নাই, মন্ত্রীরও নাই, সাংসদদেরও নাই। একমাত্র নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কে মনোনয়ন পাবেন, পাবেন না, তা কেউ বলতে পারবেন না। এটা দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে না। আগ বাড়িয়ে যাঁরা এটা বলতেছেন, তাঁরা নিজ দায়িত্বে ব্যক্তিগত মতামত হিসেবে বলছেন। এটা আমাদের দলের সঙ্গে কোনো বিষয় নয়।’ ১০০ জনের নামের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে নওফেল বলেন, ভুয়া তথ্য এটি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘মন্ত্রীর কাজ মন্ত্রণালয় দেখা, মনোনয়ন দেখা নয়। মন্ত্রীর কাজ সংগঠন দেখা নয়। মন্ত্রী দলের সংগঠন দেখলে, দলে শৃঙ্খলা থাকবে না। দলীয় মনোনয়নের বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কথা বলার কোনো এখতিয়ার নেই। একমাত্র এখতিয়ার আমাদের দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।’
প্রসঙ্গত, রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মেরী এন্ডারসনে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিআইডব্লিউটিএর নবনির্মিত ১০ তলা স্টাফ কোয়ার্টারের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রাথমিকভাবে ১০০ আসনের প্রার্থী তালিকা করেছে। তালিকায় নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ শামীম ওসমানের নাম রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তাঁকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শামীম ওসমানকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।