মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম এত দিন শোনা যায়নি। তিনি নির্বাচন করবেন এমন আগ্রহের কথাও কখনো বলেননি। তবে গতকাল রোববার হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়।
বিএনপি নির্বাচনে গেলে সিটি মেয়র পদে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দল-সমর্থিত প্রার্থী হতে পারেন, এমন সংবাদ প্রকাশের পর গতকাল সকাল থেকে নেতা-কর্মীরা তাঁর মেহেদীবাগের বাসায় ভিড় করেন। তাঁদের সঙ্গে আন্দোলন ও নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।
মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না, প্রথম আলোর প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দেবে তাঁকে জয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, গত মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে এক লাখ ভোটের ব্যবধানে জিতেছিল বিএনপির প্রার্থী। এবার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে ভোটের ব্যবধান বেড়ে দুই লাখ করার চেষ্টা থাকবে।
মেহেদীবাগের বাসায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে গতকাল এই প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে সেটা হবে আন্দোলনের একটি অংশ। জনগণ কার সঙ্গে আছেন সেটারও প্রতিফলন ঘটবে, যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং সবার জন্য সমান সুযোগ থাকে।
সম্ভাব্য আরেক প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম, এখনো কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও।
তবে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, দলের সিদ্ধান্ত সবাই মেনে চলবে। তবে রাজনীতি ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা নেই এমন কাউকে প্রার্থী করা হলে তা নেতা-কর্মীরা মানবে না।
নগর বিএনপি ও যুবদলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা অভিযোগ করেছেন, মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর এম মন্জুর আলমকে আন্দোলন-সংগ্রামে পাওয়া যায়নি। চলমান সরকারবিরোধী আন্দোলনেও তাঁকে কর্মীরা কাছে পায়নি।