'দলের মধ্যে যুদ্ধাপরাধী মিশে থাকতে পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের মধ্যে যুদ্ধাপরাধী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজে, এমনকি আমাদের দলের মধ্যেও মিশে থাকতে পারে। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ চাই।’
গতকাল সোমবার সকালে নগরের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশ হয়।
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে সামাজিক সর্ম্পক ত্যাগ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা চলছে, তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এই প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ, চট্টগ্রাম নগর জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাম্যবাদী দলের নেতা অমূল্য বড়ুয়া, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।