'দুই জোট ক্ষমতার জন্য মানুষ পুড়িয়ে মারছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও আন্দোলনের নামে জনগণের ওপর হামলা-সন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকায় পদযাত্রা ও পথসভা করেছে গণ-অধিকার সংগ্রাম কমিটি। কমিটিতে প্রগতিশীল ১৩টি রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এটি হাতিরপুল, গাউছিয়া, নিউমার্কেট, আজিমপুর, বকশীবাজার, চানখাঁরপুল, বঙ্গবাজার ও পল্টন মোড় হয়ে বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেশ কয়েকটি পথসভা হয়।
প্রেসক্লাবের সামনে সমাপনী সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, জনগণ আজ দুজনের হাতে জিম্মি। জনগণকে মুক্ত করতে হলে এদের বিরুদ্ধে জনগণের জোট গড়ে তুলতে হবে। তিনি বলেন, জনগণের পক্ষের রাজনৈতিক জোট বা শক্তি না থাকায় জনগণের আন্দোলনের ফসল ভোগ করে আওয়ামী লীগ ও বিএনপি। এই দুই জোট ক্ষমতার লালসায় জনগণকে জিম্মি করে পুড়িয়ে মারছে।
শ্রমজীবী সংঘের সভাপতি ও গণকমিটির নেতা আবদুল আলীর সভাপতিত্বে সমাবেশে গণসংস্কৃতি পরিষদের সভাপতি ম. নুরন্নবী, কমিউনিস্ট ইউনিয়নের ইমাম গাজ্জালী, ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দ্দন দত্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, নির্বাণ সাংস্কৃতিক কেন্দ্রের সাব্বির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।