'দুটি দলের লুটপাটে দেশ পিছিয়ে পড়ছে'
প্রধান দুটি রাজনৈতিক দলের দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আজ মঙ্গলবার বিকেলে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা নাগরিক ঐক্য এ নাগরিক সমাবেশের আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশ স্বাধীনের ৪৩ বছরেও আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারিনি। প্রধান দুটি রাজনৈতিক দলের দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ পিছিয়ে পড়ছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের গত কয়েক বছরে নিজেদের মধ্যে খুনোখুনিতে ৫৬ জন নিহত হয়েছে। সর্বশেষ সিলেটে তাদের মধ্যে সংঘর্ষে আরও একজন নিহত হয়। এই হচ্ছে আওয়ামী লীগ।’
মান্না বলেন, সরকারি দলের নেত্রী এবং তাঁদের নেতারা যেভাবে কথা বলছেন, তাতে মনে হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিসেম্বরের মধ্যেই জেলে ঢোকাবে। তিনি বলেন, পেশিশক্তি, কালোটাকা, সন্ত্রাসী ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ছয় মাসের মধ্যে নতুন দল ক্ষমতায় যাবে। কারণ মানুষ এ দুই দলের হানাহানি আর দেখতে চায় না, তারা চায় শান্তিতে থাকতে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না আরও বলেন, সংসদে এখন কোনো বিরোধী দল নেই। বিরোধী দল সংসদে চুপচাপ বসে থাকে। তাদের দলেও দুই ভাগ। তিনি বলেন, বর্তমান সরকার লুটপাট শুরু করেছে। তারা বিভিন্ন ব্যাংকের ৫০ হাজার কোটি টাকা লুট করেছে। শেয়ারবাজার ধ্বংস করেছে। তারা গায়ের জোরে মানুষের কণ্ঠরোধ করছে।
মান্না বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে থাকলে ওই দুই দলকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক দল গড়া সম্ভব।’
নাগরিক ঐক্যের রংপুর জেলা শাখার সমন্বয়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য শফিকুর রহমান, খায়রুল ইসলাম, রিয়াজ উদ্দিন, প্রশান্ত চন্দ্র রায় প্রমুখ।