জিয়াউর রহমানের জন্মস্থান—এ কারণে বিএনপির দুর্গ বলে পরিচিতি পেয়েছিল বগুড়া। কিন্তু এখন সে দুর্গেই বিএনপি অস্তিত্ব–সংকটে। সাংগঠনিক অবস্থা বেহাল।
নেতা-কর্মীরা বলছেন, গত জানুয়ারিতে হরতাল-অবরোধ শুরুর পর চলতি বছরের প্রায় পাঁচ মাস বগুড়া জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আনাগোনা নেই বললেই চলে।
বগুড়া বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, নাশকতার অভিযোগে জেলা বিএনপির প্রায় ১ হাজার ১০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে। অনেকে এখনো এলাকাছাড়া। নাশকতার মামলায় ইতিমধ্যে অপসারিত হয়েছেন দল-সমর্থিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বেশ কজন জনপ্রতিনিধি। এই অবস্থায় দলীয় কর্মসূচি কার্যত ‘ফটোসেশন’-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই ফটোসেশনকে ক্ষমতাসীন দল এবং প্রশাসনের সঙ্গে ‘আঁতাত’ বলছেন দলের নেতা-কর্মীদের কেউ কেউ।
অবশ্য বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘দেশ এখন পুলিশি রাষ্ট্র। তারপরও সহিংসতা এড়িয়ে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। নেতা-কর্মীদের নামে বহু মামলা হয়েছে। এখনো অনেকেই জেলে আছেন। আন্দোলন না হলে তো এসব মামলা-গ্রেপ্তার হতো না।’
যদিও দলের নেতা-কর্মীদের একটি অংশ বগুড়া বিএনপির সাংগঠনিক দুরবস্থার জন্য অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে। এর সঙ্গে আছে জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, জেলা সভাপতির একচ্ছত্র নিয়ন্ত্রণ, ত্যাগী নেতাদের কোণঠাসা করে রাখা এবং সহযোগী সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা।
ওই নেতা-কর্মীরা এ-ও বলছেন, আন্দোলনের সময় মাঠের নেতা-কর্মীদের বিরুদ্ধে এত মামলা হলেও সভাপতিসহ জেলার তিন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। জেলার ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে দিব্যি ব্যবসা করছেন। একটি থেকে তিনটি পেট্রলপাম্পের মালিক হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য, অতিমাত্রায় জামায়াতপ্রীতির অভিযোগও আছে।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম দলের নাম ভাঙিয়ে সম্পদ গড়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘পেট্রলপাম্প আমার পারিবারিক ব্যবসা। নতুন করে যে দুটি পাম্প দিয়েছি, তা ঋণের টাকায়। কিন্তু দলের ভেতর কতিপয় নেতা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার প্রথম আলোকে বলেন, আঁতাতের রাজনীতিতে কতিপয় নেতা লাভবান হলেও আন্দোলনের মাঠে থাকা নেতা-কর্মীরা চরম দমন-পীড়নের শিকার হয়েছেন। নির্যাতিতরা নেতাদের পাশে পাননি।
আর বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বলেন, আন্দোলনে সক্রিয় থাকা বহু নেতা-কর্মী জেলে। জেলার শীর্ষস্থানীয় নেতারা প্রশাসনের সঙ্গে আঁতাত করে কয়েক মিনিটের ঝটিকা মিছিল আর ‘ফটোসেশন’-এর মাধ্যমে নিজেদের সক্রিয় দেখানোর চেষ্টা করেছেন।
জেলা বিএনপির নেতারা জানান, বগুড়া বিএনপিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘ভাইয়া’ নামে পরিচিত। তিনি তৃণমূলের গোপন ব্যালটের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করেন। যা ‘বগুড়া মডেল’ হিসেবে বহুল আলোচিত হয়। এই মডেল পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা ছিল।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সাল পর্যন্ত তৃণমূলের ভোটে জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু ২০১২ সালের ২২ জানুয়ারি কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয় তিন সদস্যের জেলা কমিটি। ওই কমিটি স্থানীয় বিএনপিতে ‘ভাইয়ার’ আশীর্বাদপুষ্ট কমিটি হিসেবে পরিচিত। এর সভাপতি হন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক হন মীর শাহে আলম। কিন্তু সাইফুল ইসলাম দলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তাঁর কর্মকাণ্ডে নেতা-কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ। কিন্তু তারেক রহমানের কথা চিন্তা করে কেউ মুখ খোলার সাহস পান না। সংশ্লিষ্ট নেতারা বলছেন, চাপিয়ে দেওয়া কমিটি ঘোষণার পর বগুড়ায় বিএনপির কোন্দল প্রকাশ্য হয়ে পড়ে।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম আর ইসলাম বলেন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনে অভ্যন্তরীণ কোন্দল প্রকট। এসব কোন্দল মেটানো না গেলে দলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।
আর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশারের মতে, দুর্বল নেতৃত্ব আর শীর্ষ নেতাদের দুর্বৃত্তায়নে দলের বারোটা বেজেছে। টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আস্থাভাজন-ভুঁইফোড়দের নিয়ে বিভিন্ন কমিটি করা হয়েছে। এতে দল থেকে ত্যাগীরা ছিটকে পড়েছেন। ঘুরে দাঁড়াতে গেলে অবশ্যই দলে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সততার সঙ্গে গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। তিনি বলেন, সারা দেশে সবচেয়ে তীব্র আন্দোলন হয়েছে বগুড়ায়। কিন্তু সংঘাত, নাশকতা এড়ানোকে কেউ যদি আঁতাত বলেন, তাহলে বুঝতে হবে তাঁরা আসলে কী চান।