'দুর্বল প্রার্থী', স্বতন্ত্ররাই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে ‘দুর্বল প্রার্থী’ মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ-বিএনপির অনেক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে। স্বতন্ত্র প্রার্থীদের শক্ত অবস্থানের কারণে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যাওয়ার আশঙ্কা করছেন দুই দলের নেতারাও। গতকাল বুধবার পাঁচটি ইউপির বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
এই উপজেলা বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানে পাঁচ ইউপির চারটিই বিএনপির দখলে। এসব কারণে ৭ মের এখানকার ইউপি নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে অন্য এলাকার ভোটারদেরও।
বেলা ১১টার দিকে নন্দীগ্রাম সদর ও ভাটরা ইউপির মিলনস্থল সিমলাবাজারে গিয়ে দেখা যায়, প্রার্থীদের প্রচার-প্রচারণার কমতি নেই। কিন্তু ভোট নিয়ে আগ্রহ নেই মানুষের। ‘ভোটের উত্তাপ থ্যাকপি ক্যামনে? নৌকা-ধানের শীষ দুই দলের প্রার্থীই এটি দুর্বল’—ভোটের হাওয়া নেই কেন, এমন প্রশ্ন করতেই উত্তর দিলেন ভ্যানচালক আনিসুর রহমান। শহীদুল ইসলাম নামে একজন ভোটার বলেন, ‘সদর ও ভাটরায় নৌকার খবর নাই। স্বতন্ত্র প্রার্থীর ঝড়ে ধানের শীষ ঝরে পড়িচ্চে।’
সদর ইউপিতে আওয়ামী লীগ থেকে সোহেল রানা, বিএনপি থেকে আবদুল বারী এবং স্বতন্ত্র হিসেবে রেজাউল করিম কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সাবেক একজন নেতা ও আওয়ামী লীগের এক নেতা স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের পক্ষে কাজ করছেন।
ভাটরায় আওয়ামী লীগ থেকে মোরশেদুল বারী, বিএনপি থেকে এস এম তৌফিকুল ইসলাম, জাকের পার্টি থেকে ইসাহাক আলী, স্বতন্ত্র হিসেবে গোলাম সারওয়ার এবং জেলা জাসদের পরিবেশবিষয়ক সম্পাদক তীর্থ সলিল রুদ্র প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তীর্থ সলিল রুদ্রের পক্ষে অনেকটা প্রকাশ্যেই কাজ করছে সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ। আবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির একটি অংশও তাঁর পক্ষে কাজ করছেন।
রেজাউল আশরাফ বলেন, ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে দল থেকে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে দলে সদ্য ভেড়া একজনকে। দুর্বল প্রার্থিতার কারণে দুই দল থেকেই কর্মী-সমর্থকেরা ঝুঁকেছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে।
ভাটগ্রাম ইউপিতে আওয়ামী লীগ থেকে জুলফিকার আলী, বিএনপি থেকে শামছুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, ইফতেখারুল আলম, আবুল কালাম আজাদ, আবদুস সাত্তার ও আনোয়ারুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি এ কে আজাদ বলেন, ভাটগ্রামে দলীয় মনোনয়নের জন্য উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নাম পাঠানো হয়েছিল কেন্দ্রে। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে শামছুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। একইভাবে বুড়ইল ইউপিতে নুর মোহাম্মদের নাম কেন্দ্রে পাঠানো হলেও মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে। এতে দলের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত না নেওয়ায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক ইউপিতে দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই ত্যাগীদের মনোনয়ন দেওয়া হয়েছে ও সব ইউপিতেই দলীয় প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন।