'দুষ্কৃতকারীদের সঙ্গে কেউ আলোচনায় বসে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নাগরিক সমাজের একটি অংশ বোমা হামলাকারীদের সঙ্গে আলোচনার কথা বলছেন। যাঁরা এই আলোচনার কথা বলছেন, তাঁদের অনেকেই ১/১১-এর কুশীলব। তাঁদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, নাগরিক সমাজের এই আহ্বানের মাধ্যমে নৃশংস পেট্রলবোমা হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং এই হত্যাকারীদের নেত্রী খালেদা জিয়া ও অন্য নেতাদের জঘন্য মানবতাবিরোধী অপরাধকেই আড়াল করা হয়েছে। পৃথিবীর কোথাও দুষ্কৃতকারীদের সঙ্গে কেউ আলোচনায় বসে না। দুষ্কৃতকারীদের দমনই করা হয়।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোট প্রকৃতপক্ষে এখন পরিপূর্ণভাবে নিষিদ্ধ সংগঠনের মতো জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে। জঙ্গি সংগঠনগুলো যেমন গোপন জায়গা থেকে বিবৃতি দেয়, বিএনপি এখন তাই করছে। জঙ্গি এবং নিষিদ্ধ সংগঠনগুলো যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর হিংস্র হামলা পরিচালনা করে, তারাও এখন তা-ই করছে। খালেদা জিয়া এখন জনাতঙ্কের নেত্রী কিংবা পেট্রলবোমা নেত্রীতে পরিণত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফরিদুননাহার লাইলী, আবদুস সাত্তার, বদিউজ্জামান ভূইয়া, আবদুস সোবহান, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।