'দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আওয়ামী লীগের যে ঐতিহ্য আছে, তার প্রতিফলন সর্বক্ষেত্রে ঘটাতে হবে। দেশ ও জাতির কল্যাণে নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী ও খোরশেদ আলম।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে দেশজুড়ে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নগরের প্রতিটি কাউন্সিলর ও প্রতিনিধি যেন সুশৃঙ্খলভাবে সম্মেলনে অংশ নেন। এ উদ্দীপনার সঙ্গে প্রতিটি নেতা-কর্মীকে সম্পৃক্ত করতে হবে। কারণ, আওয়ামী লীগ জনগণের দল এবং জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। এ বার্তা সবার কাছে পৌঁছাতে হবে।
আগামী শুক্রবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনযোগে কাউন্সিলর ও প্রতিনিধিরা ঢাকায় যাবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় পৌঁছে তাঁরা কমলাপুর স্টেশনসংলগ্ন হোটেলে বিশ্রাম নিয়ে মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে যাবেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কাউন্সিলর ও প্রতিনিধিরা নিজেরা চাঁদা দেবেন। এ চাঁদার অর্থ দিয়ে যাতায়াত এবং ঢাকায় থাকা-খাওয়ার খরচ মেটানো হবে। বাইরের লোকজন থেকে চাঁদা নেওয়া যাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কাউন্সিলর ও প্রতিনিধিদের স্মরণ করিয়ে দেওয়া হয়।
গতকালের বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের নেতারা ছাড়াও ১৫টি থানা ও ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের নেতারা অংশ নেন। শারীরিক অসুস্থতার কারণে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বর্ধিত সভায় যোগ দিতে পারেননি।