চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করার জন্য দলের পরীক্ষিত নেতা-কর্মীদের সংগঠিত করে সাহসের সঙ্গে এগিয়ে চলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ লাভলেইন এলাকার একটি কমিউনিটি সেন্টারে এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ পাঁচলাইশের আরেকটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
পাঁচলাইশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘এখন নাকি কোথাও বিএনপি-জামায়াত নেই। এরা আওয়ামী লীগে ঢুকে অপকর্ম করার অপচেষ্টা চালাচ্ছে। এদের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগে পরীক্ষিত নেতা-কর্মীর অভাব নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র টিকবে না।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী ও ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
নগর আওয়ামী লীগ: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পৃথক আলোচনা সভায় কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, সংগঠনের সম্মেলন হলে অনেকেই হাজির হন। তাঁরা পদ পাওয়ার চেষ্টা করেন। পদ পেলে তাঁদের আর দেখা যায় না। সমস্যা সৃষ্টি হলে এগিয়ে আসেন না। সৎসাহস ও ঝুঁকি নিয়ে দলকে সংগঠিত করার জন্য এগিয়ে আসতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নিজের ঘর ঠিক করুন। আমরা কি পরিবারের সবাইকে আওয়ামী লীগে আনতে সক্ষম হয়েছি? পরিবারের সদস্যরা কি আওয়ামী লীগের জন্য কাজ করছে?’
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিশ্বদরবারে এখন বাংলাদেশকে নিয়ে কেউ উপহাস করে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের দায়িত্ব নিতে হবে।
মেয়র আরও বলেন, পরাজয়ের প্রতিশোধ নিতে সরকারবিরোধী চক্র ঘাপটি মেরে বসে আছে তারা। যেকোনো মুহূর্তে ছোবল মারবে তাঁরা। দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করতে হবে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ।