শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিএনপির নেতারা বলেছেন, বর্তমান ‘অবৈধ’ সরকার পুলিশ ও র্যাবকে ব্যবহার করে রাজনীতিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যা, গুম ও নির্যাতন করছে। দেশ ও জনগণকে রক্ষার জন্য সবাইকে নতুন করে যুদ্ধে নামতে হবে।
গতকাল রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগর বিএনপি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এবং মহানগর যুবদল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করে। যুবদলের সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথি এবং সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
যুবদলের সভায় আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সরকার একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আচরণ করছে। তারা ভিন্নমতের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের নির্বিচারে গুম ও হত্যা করে জাতিকে মেধাশূন্য করার প্রকল্প হাতে নিয়েছে।’
সিটি মেয়র বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।
মহানগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ইনাম উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার খুরশীদ জামিল চৌধুরী, দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ জাহিদুল করিম, কামরুন্নাহার দস্তগীর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে হাসিনা জোর করে ক্ষমতা দখলের মাধ্যমে দেশকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। দেশে মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিয়েছে।’
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ বেগম রোজি কবির। মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।