'দেশে জঙ্গিবাদের আস্তানা গড়তে দেওয়া হবে না'
সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও রংপুরে গতকাল বুধবার মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের আস্তানা গড়তে দেওয়া হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।
নীলফামারী: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়। সংগঠনের সভাপতি মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্পাদক ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি সহিদুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে সমিতির ছয়টি উপজেলার নেতারা অংশ নেন। এর আগে শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
কুড়িগ্রাম: জেলা পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশ গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তবারক উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন কমিটির আহ্বায়ক মতলুবর রহমান ও সদস্যসচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
লালমনিরহাট: সকাল ১০টায় শহরের ফাকল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকেরা শোভাযাত্রা বের করেন। পরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিম, এনএম নাসির উদ্দিন, এএসপি লিজা বেগম ও শহীদ সোহরাওয়ার্দী। বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরেন্দ্রনাথ বর্মা, সদর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বেলা সাড়ে ১১টায় শহরের রেলওয়ে বাজার রোডে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি বাদশা মিয়া, সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
ঠাকুরগাঁও: উপজেলা সদরের ভুল্লি ডিগ্রি কলেজে সকালে সমাবেশ হয়। এতে কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ার লালন আহমেদ, বালিয়ার ইউপির চেয়ারম্যান নুর আলম প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে সকালে পূর্ব চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলার ১১টি কিন্ডারগার্টেনের শিক্ষকেরা এতে অংশ নেন। সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আবদুর রহিম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আখতারুল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, ঐক্য পরিষদের সম্পাদক তোতা মিয়া প্রমুখ।
এদিকে এ কর্মসূচিতে এসে গ্রেপ্তার হয়েছেন উপজেলার সোনামণি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও জামায়াতের সাবেক উপজেলা আমির নজরুল ইসলাম।
তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সকালে মানববন্ধন হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।