দেশে পুলিশ, র্যাব ও বিজিবির কর্তৃত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, উন্নয়নের বুলি ছেড়ে মানুষকে বিভ্রান্ত করছে এই সরকার। পাকিস্তানি শাসক আইয়ুব এবং স্বৈরাচারী এরশাদও উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে হরণ করে রেখেছিল। মানুষের অধিকার কেড়ে নিয়েছিল।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পূর্তিতে গতকাল বেলা সাড়ে তিনটায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেছে। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি কাজী মো. বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ, শ্রমিক দলের নেতা নুরুল্লাহ বাহার প্রমুখ।
সমাবেশ ঘিরে নাসিমন ভবন, কাজীর দেউড়ি, লাভলেইনসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা কাজীর দেউড়ি এলাকায় জড়ো হওয়ার পর মিছিল নিয়ে নাসিমন ভবন চত্বরে যায়।
সমাবেশে আবদুল্লাহ আল নোমান দাবি করেন, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার। ভোটের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসেনি। এই পার্লামেন্টও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। তিনি বলেন, বিএনপির নেত্রী নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি মেয়রের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মনে করেছিলাম আ জ ম নাছির উদ্দীন একজন রাজনৈতিক কর্মী। তাঁর সঙ্গে আমাদের মতপার্থক্য থাকবেই। কিন্তু তিনি মেয়র হয়ে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। নগরবাসীর সেই সামর্থ্য আছে কি না, তা তিনি দেখছেন না। গণবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নগরবাসী বাড়তি হোল্ডিং ট্যাক্স দেবে না।’
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের ২০১৪ সালের ৫ জানুয়ারির নীলনকশার নির্বাচনে জনগণ ভোট দেয়নি। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে জিয়াউর রহমানের কবর স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছে।