'দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি'

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘গণতন্ত্রের জন্য ১৯৯০ সালে ক্ষমতা ছেড়েছি। কিন্তু তার পরও দেশে এখন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার ক্ষমতায় গিয়েছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে গণতন্ত্র দেখায়নি।’
আজ শনিবার সকালে রংপুরে চার দিনের সফরে এসে এরশাদ তাঁর নিজ বাড়ি পল্লি নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
শুধু জাতীয় পার্টির শাসনামলের নয় বছর মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল দাবি করে এরশাদ বলেন, ‘সে সময় জিনিসপত্রের দামও ছিল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। মানুষ রাত-দিন নির্বিঘ্নে-নিরাপদে চলাফেরা করতে পারত। কিন্তু এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। এসব কারণে মানুষ আর দুই দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় জাতীয় পার্টির সরকার। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমাদের দল গোছানোর কাজ শুরু হয়েছে।’
জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ আরও বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণকে বোঝাতে হবে জাতীয় পার্টির সরকারের উন্নয়নের কথা।’
এরশাদ আরও বলেন, ‘হরতাল-অবরোধের নামে দেশে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোন গণতন্ত্র? কোন ধরনের আন্দোলন? সাধারণ মানুষকে জিম্মি করে কোনো রাজনীতি হয় না। তাই এ রাজনীতি আমরা চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকুক, দেশ এগিয়ে যাক।’
এ সময় উপস্থিত ছিলেন এরশাদের ছোট ভাই জি এম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব এস এম ইয়াছির প্রমুখ।