'দেশে সবকিছু ঠিকমতো চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে সবকিছু ঠিকমতো চলছে। পাঁচ বছর আগে কোনো নির্বাচন হবে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। ট্রেন এখন কমলাপুরে চলে গেছে। পাঁচ বছর আগে ওই ট্রেন আর ফিরে আসবে না।’
গতকাল শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বজলুর রহমান।
প্রথম অধিবেশনের পর মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নতুন কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। তবে সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় কাউন্সিলররা প্রথমে সমঝোতার চেষ্টা করেন। পরে ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে ডাবলু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি আগের কমিটির উপদপ্তর সম্পাদক ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক লে. কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান ও সাংসদ আবদুর রহমান।
সম্মেলনে সংহতি জানাতে এসেছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘আমি হৃদয়ের টানে এখানে এসেছি। আমি মনে করি, ১৪ দলের সঙ্গে আমাদের রক্তের বন্ধন সৃষ্টি হয়েছে। এটা ছিন্ন করা খুব কঠিন।’ তিনি বলেন, ‘২০০১ সালে ঐক্যবদ্ধ হওয়ার পর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এটা আদর্শের ঐক্য। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার পাশে থাকব।’
প্রধান অতিথির বক্তৃতায় নাসিম বলেন, ‘ড. কামাল হোসেন ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তখন তাঁকে কেউ অবৈধ বলেননি। তাঁর আসনে মধ্যবর্তী নির্বাচন হয়নি। তিনি এখন কী করে বলছেন যে আবার নির্বাচন দিতে হবে। কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারেন।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খায়রুজ্জামান লিটন বলেন, এই আয়োজনের জন্য কেন্দ্র থেকে কোনো আর্থিক সহযোগিতা নেওয়া হয়নি। যে আট-দশ লাখ টাকা খরচ হয়েছে তা স্থানীয় নেতারা বহন করেছেন। সম্মেলন শেষে এর হিসাব দেওয়া হবে।