'দোয়া' নিতে আশরাফের বাসায় আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দোয়া’ নিতে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেইলি রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে যান আইভী।
সেখানে উপস্থিত থাকা আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৈয়দ আশরাফ ও আইভীর মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী সৈয়দ আশরাফের কাছে দোয়া চেয়েছেন। সৈয়দ আশরাফও আইভীকে সাহস জুগিয়েছেন এবং দল পাশে আছে বলে জানিয়েছেন।
পরে জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করতে আশরাফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম।’
লন্ডনে ছুটি কাটিয়ে গত ২৭ নভেম্বর দেশে ফেরেন সৈয়দ আশরাফ। এর আগে ২২ ও ২৩ অক্টোবর দলের জাতীয় সম্মেলনে আশরাফের জায়গায় সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। সৈয়দ আশরাফকে করা হয় সভাপতিমণ্ডলীর সদস্য।