'দৈত্যের মতো ক্ষমতাবান মানুষ লুকিয়ে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে  গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
বিশ্বসাহিত্য কেন্দ্র ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

প্রত্যেক শিক্ষার্থীর ভেতর আলাদিনের দৈতে্যর মতো অসীম ক্ষমতাসম্পন্ন একজন মানুষ লুকিয়ে আছে। বই পড়ে এই মানুষটাকে বের করে আনতে হবে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে হাজারো শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অনুষ্ঠানে কবি আবুল মোমেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন শিক্ষার্থীরা এক শিক্ষক থেকে আরেক শিক্ষক, তারপর কোচিং সেন্টার, এভাবেই ব্যস্ত থাকে। প্রশ্নের উত্তর শেখে কেবল। এটা হলে জ্ঞান অর্জন সম্ভব হবে না। এটা হবে খণ্ডিত শিক্ষা। পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা মূল্যবোধসম্পন্ন মানুষের দিকে নিয়ে যাবে।
চট্টগ্রাম নগরের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছে। উৎকর্ষের পরিচয় দেওয়া চট্টগ্রামের ৬ হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে পুরস্কার দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) প্রকল্প পরিচালক মো. মাহামুদ-উল-হক এবং গ্রামীণফোনের হেড অব চট্টগ্রাম সার্কেল শাওন আজাদ।
আ জ ম নাছির উদ্দীন বলেন, এখনকার শিক্ষার্থীরা কেবল পড়ার চাপে থাকে। জীবন সম্পর্কে তাদের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। তারা যন্ত্র হয়ে যাচ্ছে। তাদের বেড়ানোর সময় নেই। খেলাধুলার সময় নেই। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আমলা করার স্বপ্ন দেখার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মন্ত্রও দিতে হবে।
আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা ফলাফল ভালো করব। বিতর্ক করব। সংগীতচর্চা করব। খেলব। সাইকেল চালাব। জিপিএ-৫ পেতে গিয়ে চারপাশের কিছু দেখব না, তা হবে না।’